রাজস্থানে ১৫০ কেজি বিস্ফোরকসহ গাড়ি জব্দ
ছবিঃ সংগৃহীত।
ভারতের রাজস্থানের টঙ্ক এলাকায় ১৫০ কেজি বিস্ফোরকসহ একটি গাড়ি জব্দ করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, টঙ্ক এলাকায় ইউরিয়া সারের ব্যাগে লুকানো ১৫০ কেজি অবৈধ অ্যামোনিয়াম নাইট্রেটসহ একটি বিস্ফোরক বোঝাই মারুতি সিয়াজ গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িটিতে প্রায় ২০০টি বিস্ফোরক কার্তুজ এবং নিরাপত্তা ফিউজ তারের ছয়টি বান্ডিল (প্রায় ১,১০০ মিটার) পাওয়া গেছে।
এ সময় সুরেন্দ্র মুচি ও সুরেন্দ্র পাটওয়া নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
কর্মকর্তাদের মতে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বারোনি থানা এলাকায় গাড়িটিকে জব্দ করে। অভিযুক্তরা বিস্ফোরক সামগ্রী বুন্দি থেকে টঙ্ক এলাকায় সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিলেন।
পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং জানার চেষ্টা করছে যে, খনিসহ অবৈধ কার্যকলাপের জন্য চালানটি পরিচালনা করা হচ্ছিল ছিল কিনা।
মালামাল পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
ডিএসপি মৃত্যুঞ্জয় মিশ্র বলেন, “নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর একটি বড় অভিযান চালানো হয়। এরপর একটি গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয় এং দু’জনকে গ্রেফতার করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আমরা মামলার সমস্ত দিক তদন্ত করছি।
উল্লেখ্য, অ্যামোনিয়াম নাইট্রেট একটি সাদা স্ফটিক রাসায়নিক, যা ব্যাপকভাবে সার হিসেবে ব্যবহৃত হয়। গত মাসে দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণে অন্যান্য উচ্চ-গ্রেডের বিস্ফোরক দ্রব্যের সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেটও ব্যবহার করা হয়েছিল। ওই ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে ভারতের হরিয়ানা রাজ্য থেকে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক জব্দ করা হয়।
এর কয়েক ঘণ্টা পরই দিল্লিতে একটি গাড়ি বিস্ফোরিত হলে অন্তত ১৫ জন নিহত হন। এরপর থেকেই দেশটিতে বোমাতঙ্ক বাড়ছে।