নাটোরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৩০

নাটোরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৩০

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ আহত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে এই রক্তক্ষয়ী সংঘাত ঘটে। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আহত ব্যক্তিরা হলেন- সিরাজুল ইসলাম, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল রায়হান, হাসি বেগম, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ অন্তত ৩০ জন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পার গ্রামের সিরাজুল ইসলাম এবং আবুল কালাম গ্রুপের দীর্ঘদিন ধরে মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে জমিতে ধান কাটার শ্রমিকদের জন্য একটি অস্থায়ী ঘর নির্মাণ করতে যায় এক পক্ষ। এতে অন্য পক্ষ বাধা দিলে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষে। এসময সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।