নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জ শহরে রায়হান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে শহরের নাগবাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রায়হান চাঁদপুর জেলার বহারিয়া বাজার এলাকার মৃত বিল্লাল খানের ছেলে। তিনি নারায়ণগঞ্জের তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, রায়হান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।