২০২৫ সালে সাগরপথে স্পেনে যেতে গিয়ে নিহত ৩ হাজার ৯০ জন

২০২৫ সালে সাগরপথে স্পেনে যেতে গিয়ে নিহত ৩ হাজার ৯০ জন

ফাইল ছবি

২০২৫ সালে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে অন্তত ৩ হাজার ৯০ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।নৌকাডুবির ঘটনায় তাদের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে অভিবাসী অধিকার সংগঠন কামিনান্দো ফ্রন্তেয়ার্স।

সংগঠনটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৯২ জন নারী ও ৪৩৭ জন শিশু রয়েছে। মোট ৩০টি দেশের নাগরিকদের মৃত্যু হয়েছে এই পথে। নিহতদের অধিকাংশই পূর্ব ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের বাসিন্দা। এ ছাড়া পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সুদান, ইরাক ও মিসরের নাগরিকরাও রয়েছেন তালিকায়।

গত বুধবার (৩১ ডিসেম্বর) স্পেনভিত্তিক এই সংগঠনটি প্রতিবেদনটি প্রকাশ করে। এতে জানানো হয়, সাগরপথে স্পেনে যাওয়ার প্রধান রুট হলো উত্তর আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূল। সেখান থেকে নৌযানে করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে হয়। ইঞ্জিনচালিত নৌকায় এই যাত্রায় সময় লাগে প্রায় ১২ দিন।

প্রতিবেদনে বলা হয়েছে, বছরের অধিকাংশ সময়েই এই পথ অত্যন্ত বিপজ্জনক থাকে। তবু বিকল্প নিরাপদ পথ না থাকায় অনেক অভিবাসনপ্রত্যাশী জীবন ঝুঁকিতে ফেলে এই রুট বেছে নেন।

২০২৫ সালে এই পথে মৃত ও নিখোঁজের সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। ২০২৪ সালে মৌরিতানিয়া-ক্যানারি দ্বীপপুঞ্জ রুটে প্রাণ হারিয়েছিলেন ১০ হাজার ৫৪৭ জন।

তবে অভিবাসী অধিকারকর্মীদের মতে, মৃতের সংখ্যা কমে যাওয়ার অর্থ এই নয় যে সাগরপথটি নিরাপদ হয়ে গেছে। বিপজ্জনক এই রুটে মানুষের যাতায়াত কমাতে সীমান্ত ও অভিবাসন নীতিতে আরও মানবিক ও নমনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সূত্র : আনাদোলু এজেন্সি