কুড়িগ্রামে বছরের প্রথম দিনেই বই পেলো প্রাথমিকের শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি
কুড়িগ্রামে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। এ কর্মসূচিতে জেলার কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক হারুনুর রশিদ মিলন উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কুড়িগ্রামের ৯টি উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক একযোগে ১ হাজার ৯ শত ৪০টি বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রাক-প্রাথমিক থেকে নবম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ শুরু করা হয়।
বই বিতরণের আগে সকল প্রতিষ্ঠানে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিটি নিরবতা পালন করা হয়। শেষে তার রুহের মাগফেরাত কামনা করে বিষের দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলায় ১২৪০টি বিদ্যালয়ের শিশু শ্রেণীর জন্য ৪৩ হাজার ৭৯০টি এবং ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত চাহিদা ছিল ১২ লাখ ৬৫ হাজার ৯৪৯টি, যা শতভাগ পাওয়া গেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৭ শত প্রতিষ্ঠানে মোট বরাদ্দ ১৫ লাখ ৭২ হাজার ৪৯০টি বইয়ের মধ্যে পাওয়া গেছে ৯ লাখ এক হাজার ৮৩৬টি। হিসেব অনুযায়ী শতকরা ৬০ ভাগ বই পাওয়া গেছে।
দাখিল মাদ্রাসায় চাহিদা থাকা ৮ লাখ ৮১ হাজার ১৫৬টি বইয়ের মধ্যে পাওয়া গেছে ২ লাখ ৫৮ হাজার ৩৩৮টি, যা শতকরা ৩৩ ভাগ। এবতেদায়ি ৬ লাখ ৫২ হাজার ২১০টি বইয়ের মধ্যে পাওয়া গেছে ৫ লাখ ৬২ হাজার ২১০টি, যা শতকরা হিসাবে ৮৮ ভাগ। এসএসসি ভোকেশনালের চাহিদা ৭৭ হাজার ৭৬৩টি। দাখিল ভোকেশনাল ৪ হাজার ৬৫০টি বই, যা শতভাগ পাওয়া গেছে।