এনআইডির জন্য আলাদা কর্তৃপক্ষ আপাতত হচ্ছে না

এনআইডির জন্য আলাদা কর্তৃপক্ষ আপাতত হচ্ছে না

সংগ্রহীত ছবি

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য সরকারের আলাদা কোনো কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ন্যাশনাল ডেটা অথরিটি গঠনের প্রস্তাব এবং এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সংক্রান্ত আলাদা কর্তৃপক্ষ তৈরির অধ্যাদেশ রহিত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে শফিকুল আলম এসব তথ্য জানান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

শফিকুল আলম বলেন, কিছুদিন আগে ন্যাশনাল ডেটা অথরিটি গঠনের একটি প্রস্তাব এসেছিল। বিশ্বের অনেক দেশে ডেটা ব্যবস্থাপনার জন্য আলাদা কর্তৃপক্ষ রয়েছে। তবে বাংলাদেশে এনআইডির দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে।

সামনে নির্বাচন থাকায় এই সময় এনআইডি ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন বা নতুন পরীক্ষা-নিরীক্ষা না করাই যুক্তিযুক্ত বলে মনে করা হয়েছে। নির্বাচনপ্রক্রিয়া যেন কোনোভাবে ব্যাহত না হয় এবং প্রস্তুতি মসৃণ থাকে, সে কারণেই আলাদা কর্তৃপক্ষের অধ্যাদেশ বাতিল করা হয়েছে।