জয়পুরহাটে খেলাফত মজলিসসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জয়পুরহাটে খেলাফত মজলিসসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ফাইল ছবি

জয়পুরহাটে দুটি সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীসহ সাত জনের মনোনায়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপি, জামায়াতসহ  সাত প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল-মামুন মিয়া এ সিদ্ধান্ত জানান।

তিনি জানান, মনোনয়নপত্রে অসঙ্গতি, স্বাক্ষর, নাম, তথ্যসহ বিভিন্ন তথ্যে ভুল থাকায় সাতটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং তথ্য সঠিক থাকায় বিএনপি, জামায়াতসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী সুলতান মো. শামসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ও জালাল উদ্দিন মন্ডল এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

অন্যদিকে জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতের প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ, বাসদের প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেদ, বাসদ (মার্কসবাদী) প্রার্থী তৌফিকা দেওয়ান এর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

জয়পুরহাট-২ যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, আমার বাংলাদেশ(এবি) পার্টির প্রার্থী এস এ জাহিদ, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম ও আব্বাস আলী। এছাড়া জয়পুরহাট-২ আসনের বিএনপির প্রার্থী আব্দুল বারী, জামায়াতের প্রার্থী এস এম রাশেদুল আলম, সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার প্রাথীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

এসময় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।