ময়মনসিংহে বিএনপির প্রার্থীসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ময়মনসিংহে বিএনপির প্রার্থীসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ফাইল ছবি

ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। প্রথম দিন শুক্রবার ময়মনসিংহ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন দফায় জেলা প্রশাসক কার্যালের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই চলে৷ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। যাচাই বাছাইয়ে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক ঋণ খেলাপী ও মামলার তথ্য গোপণ করায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর ৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী না দেওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। এই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক চালানের মূল কপি ও মোট ভোটারের ১ শতাংশ সমর্থন সূচক কাগজপত্র দিতে না পারায় মনোনয়ন পত্র বাতিল করা হয়।

ময়মনসিংহ- ৩ (গৌরীপুর) আসনের ৭ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই হয়। এর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। যাচাই-বাছাইয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী মো. আবু তাহের খান হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য না দেওয়া ও সম্পদের বিবরণী না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শরিফুল ইসলাম মনোনয়ন পত্রে সম্পদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী না থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, নানা ত্রুটি থাকায় তিনটি আসনের ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।