ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত

ফাইল ছবি

ইতালিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার ছাব্বির মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া গ্রামের আক্কাশ মোল্লার ছেলে।

রবিবার (৪ জানুয়ারি) সকালে নিহতের পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

নিহতের পরিবার ও স্বজনরা জানান, সংসারের হাল ধরতে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে কয়েক বছর আগে ছাব্বির মোল্লা ইতালিতে পাড়ি জমান। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

তারা জানান, গত ২৮ ডিসেম্বর ২০২৫ (রবিবার) বিকেলে ইতালির মিলানো শহরে সড়ক পারাপারের সময় একটি গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।

নিহতের চাচাতো ভাই মো. জিয়াউর রহমান বলেন, একটি দুর্ঘটনায় আমাদের পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। ছাব্বির খুব পরিশ্রমী ছিল। তার পরিবার এই শোক কীভাবে সইবে জানি না।

ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজখবর নেয়া হচ্ছে।