ঘন কুয়াশায় গাড়ি চাপায় এনজিও কর্মী নিহত

ঘন কুয়াশায় গাড়ি চাপায় এনজিও কর্মী নিহত

ফাইল ছবি

মাদারীপুরে ঘন কুয়াশার কারণে অজ্ঞাতনামা গাড়ির চাপায় সুমন সরদার (৩১) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। 

রবিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত সুমন সরদার শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। তিনি শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও এনজিও কর্মীদের সূত্রে জানা যায়, রবিবার সকালে তিনি শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল মাদারীপুরের রাজৈরে ফিরছিলেন। পথিমধ্যে সমাদ্দার এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার মধ্যে একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তার মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে বরিশাল থেকে ঢাকাগামী হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা সুমনকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে মস্তফাপুর হাইওয়ে থানায় খবর দেন। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রশিদ জানান, ভোরে অজ্ঞাতনামা একটি গাড়ি ওই এনজিও কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ রাজৈর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।