মানিকগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ১৮ জন বৈধ ঘোষণা
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে মনোনয়নপত্র বাছাই শেষে ১৮ জনের মনোনয়ন বৈধ এবং বিধি সম্মত না হওয়ায় ৯ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়। প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দাখিলকৃত ২৭ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে ৯ জনের মনোনয়ন বাতিল এবং ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মানিকগঞ্জ-১ আসনে জনতার দলের মো. শাহজাহান খান এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারীর মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপির এস এ জিন্নাহ কবীর, জামায়াতে ইসলামীর ডা. আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মো. মোজাম্মেল হক তোজা, বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির দিলিপ কুমার দাস, ইসলামী আন্দোলনের মো. খোরশেদ আলম, গণ অধিকার আন্দোলনের মো. ইলিয়াস হোসেন এবং খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহ।
মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি এস এম আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান খান রোমানের মনোনয়ন বাতিল করা হয়। এখানে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপির প্রার্থী ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, খেলাফত মজলিসের মো. সালাউদ্দিন এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী।
মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান আতা, এবি পার্টির মো. রফিকুল ইসলাম জনি, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন এবং ড. রফিকুল ইসলাম খানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপির আফরোজা খানম (রিতা), জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা, বাংলাদেশ জাসদের মো. শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. সাঈদ নূর, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিন।