ইয়াবাকাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

ইয়াবাকাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের পর তাকে ছেড়ে দেওয়া এবং উদ্ধার করা মাদক আত্মসাতের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের নির্দেশে তদের বরখাস্ত করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী।

জানা গেছে, বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল-আমিন সরকার, এসআই মোহাম্মদ আমির হোসেন (বর্তমানে কোতোয়ালি থানায় কর্মরত), সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল আলম, মো. জিয়াউর রহমান, মো. সাদ্দাম হোসেন, এনামুল হক, কনস্টেবল মো. রাশেদুল হাসান ভূঁঞা ও নারী কনস্টেবল উম্মে হাবিবা।

এদিকে, বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীরের বরখাস্তের বিষয়ে পুলিশ সদর দপ্তরে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় বাকলিয়া থানার অংশে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে এক পুলিশ সদস্যের কাছ থেকে ৮০ হাজার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আত্মসাৎ করেন এবং ইয়াবা বহনকারী ওই পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।