খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল
সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সাত দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে পৌর এলাকার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সভাপতির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব বলেন, খালেদা জিয়ার জানাজায় হওয়া জনসমুদ্র প্রমাণ করে, তিনি শুধু বিএনপির নন—এ দেশের ১৮ কোটি মানুষের নেত্রী ছিলেন। তিনি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার কারণেই বিএনপি গণমানুষের দলে পরিণত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, এ বি এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি নজীর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
দোয়া পরিচালনা করেন জেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা মারুফ কাসেমী।
এর আগে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকালে পৌর মুক্তমঞ্চে শোকবইতে গণস্বাক্ষর নেওয়া হয়।