'খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আপস করেননি'

'খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আপস করেননি'

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতবস্ত্র বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র, পূর্বগ্রাম, বড়ালু পাড়াগাও, ইছাখালি, মাঝিনা, নগরপাড়া ও নাওড়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলপূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। 

এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। 
আলোচনা সভায় মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কারো সাথে আপস করেননি। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি এদেশের মাটি এবং মানুষকে ভালোবেসেছেন। যার কারণে আজকে তার জানাজায় কোটি খানেকেরও বেশি মানুষ হয়েছে।  

রূপগঞ্জবাসীর উদ্দেশ্যে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, আপনাদের যেই গ্যাস লাইন দেয়া হচ্ছে তা অবৈধ গ্যাস লাইন। আমরা ক্ষমতায় গেলে এই অবৈধ গ্যাস লাইন বৈধ করে দেওয়া হবে। দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। দেশকে কলঙ্কমুক্ত করতে হবে। আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন। সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সঙ্গে নিয়ে রূপগঞ্জকে স্বপ্নের উপজেলায় রূপ দেওয়া হবে। এখন আপনাদের সাথে আমি যেমন আছি ভবিষ্যতেও তেমনি থাকবো। আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত, অস্ত্রবাজসহ অপরাধমুক্ত রূপগঞ্জ গড়বো। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল রিপন, মাহাবুবুর রহমান, নুরুন্নবী, রাজু হাসান আলেক, আজিম সরকার, এডভোকেট গোলজার হোসেন, হাজী সেলিম আহমেদ, আসাদুজ্জামান বাবুল, শাহ আলম পাপ্পু, রফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, আরিফুল ইসলাম ইমনসহ আরো অনেকে।

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি ডাকা ৭ দিনের কর্মসূচিতে রূপগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকায় শোক কর্মসূচি হিসেবে বিএনপি ও সহযোগী সংগঠনসহ সাধারণ মানুষ শীতবস্ত্র বিতরণ, কোরআন খতম, রান্না করা খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন।