জনগণ বিএনপিকে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি সম্মান জানাবে : প্রিন্স
সংগৃহীত ছবি
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নাগরিক শোক সভা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে হালুয়াঘাট পৌর শহরে ডিএস মাদরাসা মাঠে অনুষ্ঠিত শোক সভা ও পরবর্তী মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ, বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ, তরুণ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শোক সভা পরিণত হয় এক আবেগঘন জনসমুদ্রে। শোক প্রকাশে অংশগ্রহণকারীরা কালো পোশাক পরিধান করে হাতে কালো পতাকা বহন করেন। শোক মিছিলের অগ্রভাগে বেগম খালেদা জিয়ার বিশাল প্রতিকৃতি বহন করা হয়।
শোক মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হালুয়াঘাট ডিএস মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে শোক মিছিল রেজেস্ট্রি অফিস, হাসঅতাল, উপজেলা, পুরাতন বাসস্ট্যান্ড, জিরো পয়েন্ট, চৌরাস্তা, চিত্রা হল, ধান মহাল, উত্তর বাজার, শহীদ মিনার হয়ে হাই স্কুল রোডে গিয়ে শেষ হয় ।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপি পরিবারের শোক নয়-এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, যিনি ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পথে আজীবন অবিচল ছিলেন।
তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করে আসন্ন নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জনগণ বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানাবে ইনশাআল্লাহ।
হালুয়াঘাট বিআরডিবির সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক শোক সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, জমিয়তে উলামায়ে ইসলামের মওলানা আমিনুল ইসলাম, হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহম্মদ, আমদানিকারক-রফতানিকারক সমিতির মহাসচিব অধ্যাপক অশোক কুমার সরকারসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।