ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মাজেদ বাবুর সমর্থনে উঠান বৈঠক

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মাজেদ বাবুর সমর্থনে উঠান বৈঠক

সংগৃহীত ছবি

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সমর্থনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জাতীয়তাবাদী মহিলা দল ঈশ্বরগঞ্জ উপজেলার ১১নং বড়হিত ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ৩১ দফা লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সহধর্মিণী ফারহানা মাজেদ।

এ সময় ফারহানা মাজেদ বলেন, ঈশ্বরগঞ্জের রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। আমাদের শিক্ষা-চিকিৎসা ব্যবস্থাও অনেক খারাপ। চিকিৎসা নিতে গেলে ময়মনসিংহ পর্যন্ত যেতে হয়। এছাড়াও অনলাইন জুয়া ও মাদকে জর্জরিত আমাদের এলাকা। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের নেতা মাজেদ বাবু একজন যোগ্য প্রার্থী। তিনি নির্বাচিত হতে পারলে এ অবস্থা থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করতে পারবেন বলে আশাবাদী তিনি।

তিনি আরও বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন শুধু আপনারা না, আপনাদের আত্মীয়-স্বজন যারা আছে সবাইকে বলবেন যেন মাজেদ বাবুকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাশে থাকব।

ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মাজেদ বাবুর সহধর্মিণী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ হোক ঈশ্বরগঞ্জের দল-মত নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক।

এ সময় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদ, মহিলা দলের সভাপতি বেগম রোকেয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।