অপারেশন ডেভিল হান্ট : অভিযানে ১৪ হাজার ৫৬৯ জন গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট : অভিযানে ১৪ হাজার ৫৬৯ জন গ্রেফতার

প্রতিকি ছবি

গত ২৩ দিনে দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চালিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ১৪ হাজার ৫৬৯ জন অপরাধীকে গ্রেফতার এবং ২০১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে সোমবার এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় এসব লোককে গ্রেফতার ও অস্ত্র জব্দ করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এসব অভিযানে ২০১টি আগ্নেয়াস্ত্র, ১৫৪১ রাউন্ড গুলি, ৫৬৬ রাউন্ড কার্তুজ, ১৬৫টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এসময় মামলা ও ওয়ারেন্টমূলে ১৯ হাজার ২৩৫ জনসহ ৩৩ হাজার ৮০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ডেভিল হান্ট ফেইজ-২ এর অংশ হিসেবে চেকপোস্ট ও টহলের সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও দুষ্কৃতকারীরা যাতে রেহাই না পায়, সেজন্য অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান আরো বৃদ্ধি করা হয়েছে।

উপদেষ্টা বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা ও সকল বাহিনীর গোয়েন্দা তথ্য-উপাত্ত সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ডিসেম্বর মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী মাদক বিরোধী অভিযানে ৬৫৮টি নিয়মিত মামলা দায়ের করেছে এবং ১৬১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময়ে  গ্রেফতারকৃত আসামির সংখ্যা ২৩৭৫ জন। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।