জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর, সম্পাদক শামীম কাদির
ছবিঃ সংগৃহীত।
জয়পুরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে সভাপতি পদে বাংলাভিশনের আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শামীম কাদির নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সংগ্রামের মাশরেকুল আলম পেয়েছেন ১৮ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে শামীম কাদির ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী একাত্তর টিভির মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ১৩ ভোট।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির সোহেল আহমেদ লিও (২৪ ভোট) ও দৈনিক ভোরের দর্পণের তানভিরুল ইসলাম রিগ্যান (২২ ভোট)। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের আবু মুসা (২১ ভোট), কোষাধ্যক্ষ পদে দৈনিক যায়যায়দিনের ইসমাইল হোসেন (৩৫ ভোট), লাইব্রেরি সম্পাদক পদে দৈনিক আজকের বসুন্ধরার জাহিদুল ইসলাম (২৬ ভোট), দপ্তর সম্পাদক পদে মোহনা টিভির মিলন রায়হান (২৬ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক চাঁদনী বাজারের মোয়ান্নাফ হোসেন শিমুল (৩০ ভোট) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয় টিভির শীতল চন্দ্র (২৬ ভোট) বিজয়ী হয়েছেন।
একই সঙ্গে কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন দৈনিক আজকের পত্রিকার আতাউর রহমান (৩১ ভোট), দৈনিক তৃতীয় মাত্রার পুলক সরকার (২৮ ভোট) এবং দৈনিক আলোর বার্তার রুহুল আমিন (২৮ ভোট)।
নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম এবং নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আরাফাত হোসেন মুন ও সুজন কুমার মণ্ডল স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের এই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।