ভাঙ্গায় জমি বিরোধে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫
প্রতিকি ছবি
ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুলনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুলনা গ্রামের লিটু মাতুব্বরের (৪৫) সঙ্গে তার চাচাতো ভাই ভুলু মাতুব্বরের (৪০) মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আমিনুল মাতুব্বরকে (১৮) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা হলেন- জুয়েল মাতুব্বর (৪২), হেনা বেগম (৩৫), আন্না বেগম (৩৮) ও ভুলু মাতুব্বর (৫০)। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আলগী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর মুন্সী বলেন, লিটু মাতুব্বর ও ভুলু মাতুব্বর আপন চাচাতো ভাই। জমি নিয়ে এদের পারিবারিক বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দু’পক্ষের লোকই আহত হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।