রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রতিকি ছবি
রাজধানীর কাওলা এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কাওলা কবরস্থানের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরনে ছিল ময়লাযুক্ত কালো জ্যাকেট ও চেক লুঙ্গি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির পুলিশ কনস্টেবল মো. রিয়াজুল করিম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে কাওলা কবরস্থানের পাশে রেললাইনে ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ওই অজ্ঞাত ব্যক্তি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর আনুমানিক ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।