শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ফাইল ছবি।

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুড়ি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আহমেদ আলী ওরফে বাটালু (৬৫)। তিনি উপজেলার মালাকোচা এলাকার মৃত কানাই শেখের ছেলে।

বনবিভাগ সূত্রে জানা যায়, বালিজুড়ি সদর বিটের ছোট বালিজুড়ি এলাকায় গত কয়েকদিন ধরে প্রায় ৩৫টি বন্যহাতির একটি দল অবস্থান করছিল। বুধবার সকালে আহমেদ আলীসহ আরও দুই-তিনজন লাকড়ি সংগ্রহ করতে সংরক্ষিত বনভূমিতে প্রবেশ করেন। একপর্যায়ে বনের ভেতরে অবস্থানরত হাতির দল আহমেদ আলীকে পায়ে পিষ্ট করে। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।

পরে খবর পেয়ে বনবিভাগ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ বনবিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, বন্যহাতির আক্রমণে কেউ নিহত হলে বা কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ বনবিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হয়।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বালিজুড়ির সোনাঝুড়ি পাহাড় এলাকায় বন্যহাতির ভিডিও ধারণ করতে গিয়ে হাতির আক্রমণে ফারুক হোসেন নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হন।