সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় অনুষ্ঠিত “চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়াসহ অসামাজিক কার্যকলাপ রোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়।
জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে এবং সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, সাংবাদিক মিজানুর রহমান মামুন, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহম্মেদ খোকন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নুরু, সমাজসেবক শফিউল আলম বাচ্চু, শহীদ সরকার ও মোতালেব মিয়া প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পিরোজপুর ইউনিয়নে বর্তমানে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ অপরাধের মাত্রা বেড়েছে। পাশাপাশি ইউনিয়নের পাশ দিয়ে চলাচলকারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সম্প্রতি বিভিন্ন পরিবহনে ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে। বক্তারা এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করে চোর ও ডাকাতদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।