চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপার থেকে দুই বাংলাদেশি যুবক আটক
প্রতিকি ছবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপার থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ। আটককৃতরা হলেন- নারায়ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম (৩০) ও মমিন আলী (২৫)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর এলাকা থেকে ভারতের জঙ্গিপুর থানা পুলিশ তাদের আটক করে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে গরু আনতে চারজন রাখাল সীমান্তে যান। এ সময় বিএসএফের সহযোগিতায় ভারতীয় পুলিশ খাইরুল ও মমিনকে আটক করে। অপর দুইজনের মধ্যে একজন ভারতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং অপরজন বাংলাদেশে ফিরে আসেন।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দিন জানান, তিনি দুইজনকে আটকের বিষয়টি শুনেছেন। তারা গরুর ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
৫৩-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চারজন ব্যক্তি গরু আনতে সীমান্তে যায়। এর মধ্যে দুজনকে ভারতীয় পুলিশ আটক করেছে। একজন ভারতের অংশে অবস্থান করছে এবং আরেকজন বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।