ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা

ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা

প্রতিকী ছবি

তাড়াশে ছেলের বিয়ের আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে মায়ের মৃত্যু হয়েছে। এতে আনন্দঘন অনুষ্ঠান পরিণত হয় বিষাদে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টায় পৌর সদরের দক্ষিণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

ওই মায়ের নাম আলেয়া খাতুন (৫০)।

তিনি ওই এলাকার ছোরহাব সরকারের স্ত্রী। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তাড়াশ পৌর সদরের দক্ষিণপাড়া মহল্লার মো. ছোরহাব সরকারের ছেলে এনামুল হকের (২৫) সঙ্গে পার্শ্ববর্তী ভাদাস মহল্লার আব্দুল মান্নানের মেয়ে মুসলিমা খাতুনের (২০) বিয়ের দিন শুক্রবার (৯ জানুয়ারি)। এ উপলক্ষে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা মিলে বৃহস্পতিবার সারাদিন গায়ে হলুদের অনুষ্ঠানে মেতে ওঠেন।

এসময় রাতে হঠাৎ করেই আলেয়া খাতুন (৫০) অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা মো. আব্দুল মাজেদ বলেন, আলেয়া খাতুন ডায়াবেটিসের রোগী ছিলেন। সারা দিন খাবারের অনিয়মের কারণে ডায়াবেটিস শূন্য হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

হাসপাতালের জরুরি বিভাগে আনার পথে তিনি মারা যান।