রূপগঞ্জে তারাবো পৌর বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রূপগঞ্জে তারাবো পৌর বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সংগৃহীত ছবি

প্রয়াত দেশনেত্রী ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় তারাবো পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ তারিখ) সকাল ১০টা থেকে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে এলাকার হাজারো মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। 

এতে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, নাক-কান-গলা, চর্ম ও যৌন, চক্ষু এবং অর্থোপেডিক বিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। চিকিৎসা শেষে চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। এই মানবিক উদ্যোগের পৃষ্ঠপোষকতায় ছিল তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল। ক্যাম্পে চিকিৎসাসেবা দিতে হাসপাতালটির একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। মানুষের মৌলিক অধিকার হিসেবে চিকিৎসাসেবা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।

মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে তারাবো পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হলে সাধারণ মানুষের জন্য তা অত্যন্ত উপকারে আসবে।