ঢাকার বাতাসের মান আজ কেমন?
ফাইল ছবি
নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। মাঝে শহরটির বায়ুমান বৃষ্টির কারণে কিছুটা উন্নতির দিকে ছিল। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই শহরটির বাতাসে ফের বেড়ে গেছে দূষণ।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকার বাতাসের মান ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও বেলা ১২টায় দেখা যায়- বাতাসের মান ‘বিপজ্জনক’ অবস্থার কাছাকাছি রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তালিকায় দেখা যায়, বিশ্বের দূষিত শহর তালিকার ১২৭টি দেশের মধ্যে আজ শনিবার বেলা ১২টায় ঢাকার অবস্থান দ্বিতীয়। আর শীর্ষে রয়েছে সেনেগালের ডাকার।
আইকিউএয়ারের বেলা ১২টার রেকর্ড অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২৯৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাসের নির্দেশক। আর শীর্ষে থাকা ডাকারের এয়ার কোয়ালিটি ইনডেস্ক স্কোর ৪০৫, যা দুর্যোগপূর্ণ বাতাসের নির্দেশক।
এদিকে, একই সময়ে ভারতের দিল্লি ২০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ২০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানেও আছে দেশটির আরেকটি শহর কলকাতা। দুই শহরের বায়ুমানের স্কোরই ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ ছাড়া ১৯১ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।