না ফেরার দেশে বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শোয়াইব
প্রতিকি ছবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৫ সালের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মেধাবী শিক্ষার্থী শোয়াইব আহমেদ ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের মতো কঠিন রোগে ভুগে শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ শনিবার বাদ জোহর তার নিজ এলাকা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
শোয়াইব আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এক বিবৃতিতে তারা বলেন, “শোয়াইব ভাই আমাদের অনেকের কাছেই ছিলেন অনুপ্রেরণার নাম। অসাধারণ মেধার অধিকারী হয়েও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও শান্ত স্বভাবের। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে অবশেষে তিনি মহান রবের ডাকে সাড়া দিলেন।”
বিবৃতিতে আরও বলা হয়, “যিনি মেধার যুদ্ধে হাজারো শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম হয়েছিলেন, সেই ভাই আজ চিরদিনের জন্য শান্ত হয়ে গেলেন। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী প্রকৌশলী ও একজন আদর্শ মানুষকে হারালাম।”
শোয়াইব আহমেদের ইন্তেকালে শিক্ষা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
উল্লেখ্য, শোয়াইব আহমেদ ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করে ২০১৫ সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি প্রথম স্থান অর্জন করেন। পরে তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ভর্তি হন। তার শিক্ষার্থী আইডি নম্বর ছিল ১৫০৬০০১, যা বুয়েট শিক্ষার্থীদের কাছে মেধা ও অধ্যবসায়ের এক উজ্জ্বল প্রতীক হিসেবে পরিচিত।