খেলা নিয়ে সংঘর্ষ, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
প্রতিকি ছবি
গাজীপুরের শ্রীপুরে ব্যাটমিন্টন খেলা নিয়ে ঝগড়া ও হাতাহাতির সময় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে শ্রীপুর পৌরসভার দারগারচালা গ্রামের ডলফিন বেকারী মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত সাবিনা ইয়াসমিন ওই গ্রামের শওকত হোসেনের স্ত্রী। অভিযুক্ত ব্যক্তি হলেন একই গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে মো. সুজন (৩০)।
নিহতের স্বামী শওকত হোসেন জানান, তাদের বাড়ির পাশে এলাকার কয়েকজন যুবক ব্যাটমিন্টন খেলছিল। এ সময় তাদের ছেলে শাওন খেলার মাঠের পাশে বসে খেলা দেখছিল। রাত ১০টার দিকে শাওন খেলোয়াড়দের খেলা বন্ধ করতে বললে এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একই সময় বিদ্যুতের অবৈধ সংযোগের একটি তার ছিঁড়ে এক পাশের বাতি নিভে যায়। এতে অভিযুক্ত সুজন ক্ষিপ্ত হয়ে শাওনকে মারধর শুরু করে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে সুজন সাবিনা ইয়াসমিনকেও আঘাত করে। একপর্যায়ে সাবিনা মাটিতে লুটিয়ে পড়েন।
শওকত আরও জানান, পরে তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. লাল চান জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।