রংপুরে চাকরির পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ২৫
প্রতিকি ছবি
রংপুরে পুলিশের পৃথক অভিযানে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, জুয়া, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বিকেলে নগরীর হাজীরহাট বখতিয়ারপুর উচাটারী গ্রামস্থ ঘাঘট নদীর পাড়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানা ও বিভিন্ন মামলার আরও ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অভিযান পরিচালনা করে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন- রংপুর মিঠাপুকুর উপজেলার ফকিরহাট রামেশ্বরপুর ফকিরহাটের রফিক মন্ডলের ছেলে সারোয়ার ইসলাম (৩০), পীরগাছা দেউতি বাজারের চাঁন মিয়ার ছেলে আল আমিন মোহাম্মদ আহাদ (৩৪), পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ আসমতপুর এলাকার খাজা নাজিম উদ্দিনের ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান (২৯), পীরগঞ্জ কাদিরাবাদে এনামুল হকের ছেলে রাশেদুল ইসলাম রকি (২৮), পাবনার ছাইকোলা দীঘল গ্রামের বারেক আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস বীথি (২৬)।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান- অভিযানে তাদের কাছ থেকে ১৫টি ডিভাইস, ৫টি স্মার্টফোন, ২টি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড, ২৬টি এয়ারপড, এয়ারপড প্লেসমেন্টের জন্য ব্যবহৃত ১টি ফরসেপ, ৬টি ফাঁকা নন- জুডিশিয়াল স্ট্যাম্প, স্বাক্ষরিত ২টি ফাঁকা চেক এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে পুলিশ পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি জানান।