দক্ষিণ আফ্রিকায় 'যুক্তরাষ্ট্রবিরোধী' চার দেশের নৌ-মহড়া

দক্ষিণ আফ্রিকায় 'যুক্তরাষ্ট্রবিরোধী' চার দেশের নৌ-মহড়া

ছবিঃ সংগৃহীত।

ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও তেল বহনকারী ট্যাঙ্কার আটকের পর ভূ-রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।গতকাল শুক্রবার কেপটাউন উপকূলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে চীনা, রাশিয়ান ও ইরানি যুদ্ধজাহাজ এক সপ্তাহের নৌ-মহড়া শুরু করেছে।

মহড়ায় অংশ নেওয়ায় এই তিন দেশের একত্রিত হওয়াকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে 'অ্যান্টি‑আমেরিকান' বা মার্কিনবিরোধী হিসেবে উল্লেখ করেছেন।

সপ্তাহব্যাপী এই মহড়াকে নাম দেওয়া হয়েছে 'উইল ফর পিস ২০২৬', এতে ব্রিকস দেশগুলোর নৌবাহিনী অংশ নিচ্ছে।

মহড়ায় চীনের বিধ্বংসী ও সরঞ্জাম সরবরাহকারী জাহাজ ও ইরানের ফরওয়ার্ড বেস জাহাজ অংশ নিয়েছে। অন্যদিকে নৌঘাঁটির কাছে রাশিয়ার পতাকাবাহী করভেট যুদ্ধজাহাজকে ভিড়তে দেখা গেছে।

দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী দেশটির বান্টু হোলোমিসা টেলিভিশনকে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতও মহড়ায় অংশ নিতে জাহাজ পাঠাতে পারে। তিনি আরও যোগ করেন, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া ও ব্রাজিল পর্যবেক্ষক হিসেবে অংশ নেবে।

ব্রিকস-এর বাকি সদস্যরা হলো ভারত, মিশর ও সৌদি আরব।

দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, এই মহড়া নৌবাহিনীর মধ্যে অনুশীলন বিনিময় ও যৌথ কার্যক্রমের দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে। যা শিপিং রুটের নিরাপত্তা ও সামুদ্রিক অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

মহড়ার সময়ের বিষয়ে দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী বান্টু হোলোমিসা বলেন, 'এই মহড়া চলমান উত্তেজনার অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল।

মূলত নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে জোহানেসবার্গে জি-টুয়েন্টি সম্মেলনের সঙ্গে সময় মেলানোর কারণে পিছিয়ে দেওয়া হয়। '

বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে মতবিরোধ থাকার কারণে, যুক্তরাষ্ট্র গত জি-টুয়েন্টি সম্মেলনে অংশগ্রহণ করেনি। এছাড়া, গত বছর যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং ৩০ শতাংশ বাড়তি কর আরোপ করেছে।

চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে ব্রিকসের সদস্য। অন্যদিকে, ইরান ২০২৪ সালে এই গ্রুপে যোগ দেয়।

দেশটিতে ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্বের বিরুদ্ধে চলমান বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ছে। বিক্ষোভের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আছে বলে অভিযোগ করেছে দেশটি।