বগুড়ার আদমদীঘিতে ডোবায় ভাসছিল যুবকের মরদেহ

বগুড়ার আদমদীঘিতে  ডোবায় ভাসছিল যুবকের মরদেহ

প্রতিকী ছবি

বগুড়ার আদমদীঘিতে একটি জঙ্গলের পাশের ডোবা থেকে এক অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে আদমদীঘি থানার শেষ সীমানায় সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামের একটি জঙ্গলের পাশে ডোবার পানিতে আনুমানিক ২৮ বছর বয়সী ওই অজ্ঞাত যুবকের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তারা খবর দিলে আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, থানার ওসি আতাউর রহমান ও এসআই বাবুল আকতার তাদের দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, ওই যুবকের মরদেহটি কয়েকদিন আগে ডোবাতে ফেলা হয়েছে।

মাথায় গামছা প্যাঁচানো ছিল। মরদেহ অনেকটা বিকৃত অবস্থায় আমরা উদ্ধার করেছি। এখন পর্যন্ত তার নাম ও ঠিকানা শনাক্ত করা যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।