জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ির মৃত্যু, আটক ৩
সংগৃহীত ছবি
নেত্রকোনার দুর্গাপুরে মেয়ে জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক জামাই শাহেদ বিশ্বাসসহ (৪৪) তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাহারা খাতুন (৫৫)। তিনি ওই গ্রামের মোতালেবের স্ত্রী।
আটক অন্যরা হলেন শাহেদ বিশ্বাসের মা শাহেরা খাতুন (৫৫) ও তার তৃতীয় স্ত্রী তাসলিমা আক্তার (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একই উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের আবুল কাশেম বিশ্বাসের ছেলে শাহেদ বিশ্বাসের কাছে মেয়ে কুলসুমাকে বিয়ে দেন সাহারা খাতুন। এরপর থেকেই ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকতেন শাহেদ বিশ্বাস। তবে প্রায় দেড় বছর আগে প্রথম স্ত্রী মারা যান। এরপর আরো দুইটি বিয়ে করেন তিনি।
তবে প্রথম স্ত্রীর ওয়ারিশের জমির পাওনা দাবিতে শ্বাশুড়ির সঙ্গে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এ বিরোধের জেরে শনিবার রাতে শ্বাশুড়ির সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে কুড়ালের আঘাত ও গলা টিপে শ্বাশুড়িকে হত্যা করে শাহেদ বিশ্বাস।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। হত্যাকাণ্ডের মূল অভিযুক্তসহ আরো দুইজনকে আমরা আটক করে থানায় নিয়ে আসি।
লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরো বলেন, লাশের পাশ থেকে একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।