রংপুর সীমান্তে ডিসেম্বরে সাড়ে ৭ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

রংপুর সীমান্তে ডিসেম্বরে সাড়ে ৭ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংগৃহীত ছবি

রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় ২০২৫ সালের ডিসেম্বরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৭০ জনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে কুড়িগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নের বিভিন্ন সেক্টর ও অধীনস্থ ব্যাটালিয়নের অভিযানে মোট ৭০ জন আসামিকে আটক করা হয়। এসব অভিযানে আনুমানিক ৭ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪৮৯ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট।

এছাড়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের অভিযানে ২৯ রাউন্ড গুলিসহ ছয়টি বিদেশি পিস্তল জব্দ করা হয়। চোরাচালানবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১৯৭টি গবাদিপশু। এর মধ্যে ১৬৪টি গরু ও ৩৩টি মহিষ। পাশাপাশি জিরা, মোটরসাইকেল, কসমেটিকস, কীটনাশক, কাপড়, বাইসাইকেল ও কষ্টিপাথরসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

ডিমেম্বরে পাচারের ঝুঁকিতে থাকা তিন নারীসহ ১৫ জনকে উদ্ধার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকার অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রিজিয়নের সব ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত টহল, বিশেষ চেকপোস্ট স্থাপন এবং সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এছাড়া জনকল্যাণমূলক দায়িত্বের অংশ হিসেবে ডিসেম্বর মাসে এক হাজারের বেশি মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একই সময়ে এক হাজার ১০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। সীমান্ত এলাকায় জনসচেতনতা বাড়াতে বিভিন্ন পর্যায়ে আড়াই হাজারেরও বেশি সচেতনতামূলক সভা করা হয়েছে।