শরীয়তপুরের জাজিরায় ৪৫ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শরীয়তপুরের জাজিরায় ৪৫ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে পরিচালিত এই অভিযানে ৪৫টি ককটেল সদৃশ বস্তু ও বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ সময় জড়িত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিলাসপুর এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এই সমন্বিত অভিযান পরিচালনা করেন।

অভিযানে সেনাবাহিনীর প্রশিক্ষিত ডগ স্কোয়াড ব্যবহার করে অবিস্ফোরিত ককটেলগুলো শনাক্ত করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো বিশেষজ্ঞ টিমের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামে ককটেল তৈরির সময় এক ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হন। ওই ঘটনার পর পুলিশ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে এবং ৫৩ জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।

শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হাসান জানান, বিলাসপুর ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক গ্রুপের মধ্যে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবারের অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ চারজনকে আটক করা হয়েছে। সন্ত্রাস দমনে যৌথবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।