কুষ্টিয়ায় বিজিবির অভিযানে অবৈধ বিড়ি উদ্ধার
ছবি: প্রতিনিধি
সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ বিড়ি উদ্ধার করেছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অভিযান চালিয়ে ১০ হাজার ৪০০ প্যাকেট অবৈধ বিড়ি জব্দ করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মঙ্গলবার সকাল ৯ টার দিকে জেলার ভেড়ামারা বার মাইল বাজার সংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করে এসব অবৈধ নকল বিড়ি উদ্ধার করে। এসব মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায় আরও জানায়, একটি অসাধু চক্র বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির এ ধরনের তৎপরতায় সীমান্ত এলাকায় স্বস্তি ফিরেছে এবং চোরাচালানকারীদের তৎপরতা অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।