পাবনায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবক নিহত
ছবি: প্রতিনিধি
পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩), নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি এবং ভ্যান চালক ছিলেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের রেলস্টেশন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ভোর ৫টার দিকে ওই এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাগরসহ দুই-তিনজন ভোর ৪টার দিকে উপজেলার তাঁতিবন্দ রেল স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়িতে গরু চুরি করতে যায়।
বাড়ির মালিক নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে এলাকার লোকজন জড়ো হয়ে তাকে আটক করে মারধর করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার সারা শরীরে পঞ্চাশটিরও বেশি গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও, তার মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং তারা দুপুর ১২টার দিকে এসে মৃতদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, "পাবনা সদর উপজেলার বেশিরভাগ এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। এলাকার কৃষক ও পশুপালকরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। গরু চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটলেও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।"
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,"প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। তথ্য পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
উল্লেখ্য, গত দেড় বছরে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন থেকে শতাধিক গরু চুরি হয়েছে। প্রতিকারের দাবিতে সম্প্রতি স্থানীয়রা বিশাল মানববন্ধন করেছে।
উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে গত দেড় বছরে শতাধিক গরু চুরি হয়েছে। এর প্রতিকারের দাবিতে স্থানীয়রা সম্প্রতি একটি বিশাল মানববন্ধন করেছে।
সোমবার (১২ জানুয়ারি) রাতে চারতারাপুর ইউনিয়নের কাঞ্চিপাড়া থেকে দু’টি গরু চুরি হয়েছে। জেলার কৃষকরা আতঙ্কে রাত কাটাচ্ছেন।