তীব্র ঝাঁকুনির কবলে ইতিহাদ এয়ারওয়েজ
ছবিঃ সংগৃহীত।
থাইল্যান্ডের ফুকেট প্রদেশের একটি বিমানবন্দরে অবতরণের প্রস্তুতিকালে তীব্র ঝাঁকুনির মুখে পড়ে ইতিহাদ এয়ারওয়েজ পিজেএসসি–এর একটি ফ্লাইট।এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম খাওসোদ।
প্রতিবেদন অনুযায়ী, ইওয়াই৪১৬ নম্বরের ফ্লাইটটি বুধবার আবুধাবি থেকে ছেড়ে আসে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার–এর তথ্য অনুযায়ী, বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টায় ফুকেটে পৌঁছায়।
অবতরণের ঠিক আগে বিমানটি হঠাৎ প্রবল ঝাঁকুনির কবলে পড়ে। খাওসোদ পরে জানায়, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে, বিমানে থাকা ১৬০ জন যাত্রীর মধ্যে কেউই গুরুতরভাবে আহত হননি। ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক মনচাই তানোদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়।
এর আগে ২০২৪ সালে থাইল্যান্ডের আকাশসীমার ওপর দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভয়াবহ ঝাঁকুনির মুখে পড়ে।
লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটটি জরুরি ভিত্তিতে ব্যাংককে অবতরণ করতে বাধ্য হয়। সেই ঘটনায় একজন যাত্রী নিহত হন এবং যাত্রী ও ক্রু সদস্যদের মধ্যে কয়েক ডজন মানুষ গুরুতর আহত হন।