ঢাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী হেলাল গ্রেপ্তার

ঢাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী হেলাল গ্রেপ্তার

প্রতিকি ছবি

রাজধানীর বাড্ডা থানার তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী মো. শফিকুল ইসলাম হেলালকে (৩৭) বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার জলসিড়ি এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মো. শফিকুল ইসলাম হেলালকে গ্রেপ্তার করা হয়। পরে তার ভাড়া বাসা থেকে ৭ রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশি রিভলবার ও ৩ লাখ ২৬ হাজার টাকা জব্দ করা হয়।

এম. রিফাত-বিন-আসাদ আরও বলেন, ঢাকার শীর্ষ সন্ত্রাসী রবিন গ্রুপের সক্রিয় সদস্য হেলাল। তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবত মাদক কারবারসহ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। তার সহযোগীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।