চট্টগ্রামের আনোয়ারায় নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ

চট্টগ্রামের আনোয়ারায় নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করেন স্থানীয় ছাত্র-জনতা ও আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।

স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নকল বিড়ি বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আনোয়ারা উপজেলার বটতলী বাজারের হোলসেলস দোকানে অভিযান চালায় স্থানীয় ছাত্র-জনতা ও আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।

এসময় বটতলী বাজারের আল্লার দান স্টোর ও আজমির স্টোর থেকে প্রায় পাঁচ হাজার (৫,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি উদ্ধার করা হয়। অভিযান শেষে জব্দকৃত নকল বিড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আকিজ টোবাকো লিমিটেডের বিজনেস ইন্টেলিজেন্স অফিসার মাসুদ রানা জানান, আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের সুনাম নষ্ট করতে কিছু অসাধু চক্র নকল আকিজ বিড়ি তৈরি করছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তারা বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকল বিড়ি বন্ধ করতে পুলিশ, র‌্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।