খুলনা থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

খুলনা থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

প্রতিকি ছবি

খুলনা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত যুবকের নাম সোহাগ মিয়া (২৯)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছনখাইর এলাকার নূর ইসলামের ছেলে।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ১ জানুয়ারি স্কুলে যাওয়ার পর ওই স্কুলছাত্রী আর বাড়ি ফেরেননি। পরে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা জানতে পারেন, খুলনার খানজাহান আলী থানাধীন ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব-৯ বুধবার রাতে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।