চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রামে এক দিনের ব্যবধানে রেললাইন থেকে কিশোরসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রেন থেকে পড়ে এবং ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। তবে নিহতদের কারও পরিচয় এখনো পাওয়া যায়নি।

 

 বৃহস্পতিবার দুপুরে মীরসরাই উপজেলার পূর্ব রায়পুর এলাকায় রেললাইন থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি রফিকুল হাসান জানান, উদ্ধারকৃত কিশোরটির বয়স আনুমানিক ১৪–১৫ বছর। ধারণা করা হচ্ছে, কোনো চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে কোন ট্রেন থেকে সে পড়ে গেছে, তা স্থানীয় কেউ নিশ্চিত করতে পারেননি।

এর আগে বুধবার রাত আটটার দিকে নগরীর কদমতলী এলাকায় জংশন কেবিনের সামনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৪৫ বছর। এ ঘটনায়ও নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

ওসি রফিকুল হাসান বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য আঙুলের ছাপ সংগ্রহ করে রাখা হয়েছে।