ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং সেবা চালু

ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং সেবা চালু

সংগৃহীত ছবি

দেশি-বিদেশি পর্যটকদের ভোগান্তি কমানো এবং সময় সাশ্রয়ের লক্ষ্যে বাগেরহাটের বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং সেবা চালু করা হয়েছে।

শুক্রবার বিকেলে ষাটগম্বুজ মসজিদের প্রধান ফটকে এ সেবার উদ্বোধন করা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ই-টিকিটিং সেবার উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক লাভলী ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন, বাগেরহাট জাদুঘরের কাস্টুডিয়ান মো. জাহেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ই-টিকিটিং সেবা চালুর ফলে দর্শনার্থীদের সময় সাশ্রয় হবে এবং ভোগান্তি কমবে। এটি পর্যটন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, বাগেরহাটের পর্যটন শিল্পের বিকাশে ষাটগম্বুজ মসজিদসহ প্রাচীন স্থাপনাগুলোর স্থাপত্যশৈলী অনুসরণ করে নতুন স্থাপনা নির্মাণ করা গেলে জেলার পর্যটন খাতে বড় সম্ভাবনার সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার পর্যটকদের আকৃষ্ট করবে। এতে আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রেও বাগেরহাট নতুনভাবে পরিচিতি পাবে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বলেন, বিশ্বঐতিহ্য এসব স্থাপনাকে আরও দর্শনার্থীবান্ধব করতে সরকার কাজ করছে। ই-টিকিটিং সেবার মাধ্যমে স্বচ্ছতা ও সেবার মান বাড়বে। এখন থেকে প্রতি বছর দেশ-বিদেশের হাজারো পর্যটক এই সেবার সুবিধা নিতে পারবেন।