পাবনায় কারখানায় অভিযান, জরিমানা
ফাইল ছবি
পাবনার ভাঙ্গুড়ায় নকল পনির তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে। কারখানাটির মালিক মো: রকিব হোসেনকে (৫০) ২০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন আদালতটি। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা বাজারে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ আদেশ দেন। মো: রকিব হোসেন ভেড়ামারা এলাকার মৃত ইকরাম হোসেনের ছেলে।
জানা যায়, ঢাকার একটি অভিজাত কোম্পানির নামে লাইসেন্স ব্যবহার করে উপজেলার ভেড়ামারা বাজারে দীর্ঘদিন ধরে নকল পনির উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে যে কোম্পানির লাইসেন্স ব্যবহার করে পনির উৎপাদন ও বিপনন করে আসছিলেন তার প্রকৃত মালিককে পাওয়া যায়নি।
কারখানার মালিক রকিব হোসেনকে লাইসেন্সের প্রকৃত মালিকের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সদুত্তোর দিতে পারেননি এবং ঢাকার অভিজাত কোম্পানির লাইসেন্স কিভাবে পেয়েছেন তার বিষয়ে কিছু জানাতে পারেননি। ফলে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, এ ধরণের নকল পণ্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের চলমান অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।