চাঁপাইনবাবগঞ্জের সড়কে ডাকাতি, ট্রাকচালককে কুপিয়ে জখম
প্রতিকি ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে আড্ডা–রহনপুর সড়কের বংপুর মার্চেন্ট মিলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, মুখোশধারী ৫–৬ জনের একটি ডাকাত দল সড়কে গাছের গুঁড়ি ফেলে ট্রাক ও অটোরিকশার গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকারসহ প্রায় ৪০ হাজার টাকা এবং অন্তত পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
ভুক্তভোগী কবিরুল ইসলাম জানান, ডাকাতরা তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতদের হামলায় বিপ্লব নামে এক ট্রাকচালক আহত হয়েছেন। আহত বিপ্লব চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জিয়ানগর মহল্লার বাসিন্দা এবং মৃত রফিকের ছেলে বলে জানা গেছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত বিপ্লবকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।