সৌদিতে নতুন করে স্বর্ণের বিশাল খনি আবিষ্কার
সৌদিতে নতুন করে স্বর্ণের বিশাল খনি আবিষ্কার।। ছবিঃ সংগৃহীত
সৌদি আরবের রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাদেন’ দেশজুড়ে চারটি প্রকল্পে নতুন করে মোট ৭৮ লাখ আউন্স (২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণের মজুদের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। এই অভিযান মূলত দেশের খনিজ সম্পদ সম্প্রসারণ এবং বৈশ্বিক মানসম্পন্ন স্বর্ণ শিল্প গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে চালানো হয়েছে।
প্রাথমিক পর্যায়ে পরিকল্পিত ড্রিলিং বা খনন কার্যক্রমের মাধ্যমে ৯০ লাখ আউন্স স্বর্ণের সন্ধান পাওয়া গেলেও বার্ষিক হিসাব সমন্বয়ের পর নিট ৭৮ লাখ আউন্স মজুদ নিশ্চিত করা হয়েছে।
মাদেন জানায়, তাদের প্রধান প্রকল্প মানসুরা মাসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং নতুন আবিষ্কৃত ওয়াদি আল জাও—এই চার এলাকায় নতুন করে এই মজুদের সন্ধান মিলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে মানসুরা মাসারাহ প্রকল্পে, যেখানে গত বছরের তুলনায় মজুদ বেড়েছে ৩০ লাখ আউন্স। এ ছাড়া উরুক ২০/২১ ও উম্ম আস সালাম প্রকল্পে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং ওয়াদি আল জাও প্রকল্পে প্রথমবারের মতো ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণের মজুদ পাওয়া গেছে।
মাদেনের সিইও বব উইল্ট বলেন, এই সাফল্য আমাদের দীর্ঘমেয়াদি কৌশল ও সৌদি আরবের খনিজ সম্পদ কাজে লাগানোর পরিকল্পনার প্রতিফলন। এটি প্রমাণ করে যে আমাদের বিনিয়োগ এবং অনুসন্ধান কার্যক্রম মাঠ পর্যায়ে সফলভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, চারটি স্থানে ড্রিলিংয়ের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি স্বর্ণের মজুদ খুঁজে পাওয়া মাদেনের স্বর্ণ পোর্টফোলিওর বিস্তৃতি এবং ক্রমবর্ধমান সম্ভাবনার প্রমাণ। এই সম্পদের পরিমাণ ভবিষ্যতে নগদ প্রবাহ ও আয় বাড়াতে সরাসরি ভূমিকা রাখবে।
মাদেন কোম্পানি ২০২৬ সালে মধ্য সৌদি আরবের স্বর্ণ সমৃদ্ধ অঞ্চলগুলোতে উন্নত ড্রিলিং প্রযুক্তি ব্যবহার করে নতুন খনিজ অঞ্চলের সন্ধান চালাচ্ছে। এছাড়া ঐতিহাসিক মাহদ খনি অঞ্চলে অনুসন্ধান চালিয়ে নতুন খনিজ স্তরের সন্ধান মিলেছে, যা খনিটির আয়ুষ্কাল বাড়াতে সাহায্য করবে।
মানসুরা মাসারাহ প্রকল্প: বর্তমানে ১১ কোটি ৬০ লাখ টন আকরিক ধারণা করা হচ্ছে, যেখানে প্রতি টন আকরিক থেকে ২.৮ গ্রাম হারে স্বর্ণ পাওয়া যেতে পারে। সর্বশেষ ড্রিলিংয়ে গত বছরের তুলনায় নিট ৩০ লাখ আউন্স স্বর্ণের মজুদ বেড়েছে। গভীর স্তরে আরও খনিজ আকরিক পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বব উইল্ট উল্লেখ করেন, তামা ও নিকেলের প্রাথমিক অনুসন্ধানেও ইতিবাচক ইঙ্গিত মিলছে, যা আমাদের ব্যবসার বহুমুখীকরণ এবং বড় আকারের খনিজ সম্পদ উন্নয়নের সম্ভাবনা নির্দেশ করে।
মাদেনের লক্ষ্য হলো সৌদি আরবে ক্রমবর্ধমান স্বর্ণ ব্যবসার পাশাপাশি বিভিন্ন খনিজ সম্পদের শক্তিশালী পোর্টফোলিও গড়ে তোলা।
সূত্র : গালফ নিউজ।