কার্টনে ভরে বাইক থেকে নবজাতককে ছুড়ে ফেলল ২ যুবক, পরে মৃত্যু
প্রতিকী ছবি
ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশে কার্টন থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে একটি ফোন আসে।
তখন আমাকে জানানো হয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা একটি কার্টনে নবজাতককে ফেলে রাখা হয়েছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনসহ নবজাতককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে নবজাতকের মরদেহ ভালুকা মডেল থানায় পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার আগে মোটরসাইকেল যোগে দুই যুবক এসে নবজাতকসহ কার্টনটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ছুড়ে ফেলে রেখে পালিয়ে যায়।
রেখে যাওয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকা দুই যুবক বিষয়টি দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা নবজাতককে জীবিত অবস্থায় দেখতে পারেন।
এমতাবস্থায় স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, নবজাতকের মরদেহ কার্টনে করে থানায় আনা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।