অতীতের গুনাহ মুছে দিয়ে নতুন জীবন গড়ার সুযোগ দেয় ইসলাম
ফাইল ছবি
ইসলাম কেবল একটি ধর্মীয় পরিচয়ের নাম নয়; এটি মানুষের জীবনদর্শন, চিন্তাধারা ও আচরণে আমূল পরিবর্তনের এক মহান আহ্বান। অন্ধকার থেকে আলোর পথে, অবাধ্যতা থেকে আনুগত্যের দিকে ফিরে আসার যে ঘোষণা—তারই নাম ইসলাম। ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ তাআলা তাঁর অসীম দয়া ও করুণায় মানুষকে অতীতের সব গুনাহ থেকে মুক্ত করে এক নতুন ও পবিত্র জীবন শুরু করার সুযোগ করে দেন।
যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে ইসলাম গ্রহণ করে এবং তার ঈমান, আমল ও চরিত্রে ইসলামের সৌন্দর্য প্রতিফলিত হয়, তার জন্য অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায়। শুধু তাই নয়, ভবিষ্যতে তার নেক আমলের প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায়। এই মহাসত্য রাসুলুল্লাহ (সা.) স্পষ্ট ভাষায় উম্মতকে জানিয়ে দিয়েছেন এক গুরুত্বপূর্ণ হাদিসে।
আবু সা‘ঈদ খুদরী (রা) বর্ণনা করেন যে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছেন,
" إِذَا أَسْلَمَ الْعَبْدُ فَحَسُنَ إِسْلاَمُهُ يُكَفِّرُ اللَّهُ عَنْهُ كُلَّ سَيِّئَةٍ كَانَ زَلَفَهَا، وَكَانَ بَعْدَ ذَلِكَ الْقِصَاصُ، الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، وَالسَّيِّئَةُ بِمِثْلِهَا إِلاَّ أَنْ يَتَجَاوَزَ اللَّهُ عَنْهَا "
‘বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয়, আল্লাহ্ তাআলা তার পূর্বের পাপসমূহ ক্ষমা করে দেন। অতঃপর শুরু হয় প্রতিফল; একটি পুণ্যের বিনিময়ে দশ হতে সাতশ গুণ পর্যন্ত; আর একটি পাপ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল। অবশ্য আল্লাহ্ যদি ক্ষমা করে দেন তবে তা অন্য ব্যাপার। (বুখারি, হাদিস : ৪১)
এই হাদিসে ইসলামের এক অতুলনীয় অনুগ্রহ ও ন্যায়বিচারের ভারসাম্যপূর্ণ নীতির সুস্পষ্ট প্রকাশ ঘটেছে। মানুষ যখন কুফর, শিরক বা ভ্রান্ত পথ ছেড়ে আন্তরিকতার সঙ্গে ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম যদি কেবল মুখের স্বীকৃতিতে সীমাবদ্ধ না থেকে বিশ্বাস, আমল ও চরিত্রে প্রতিফলিত হয়—তখন তার ইসলামকে ‘উত্তম ইসলাম’ বলা হয়।
এমন উত্তম ইসলামের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার অতীত জীবনের সব গুনাহ—ছোট হোক বা বড়—সম্পূর্ণভাবে ক্ষমা করে দেন। এটি কোনো সাধারণ ক্ষমা নয়; বরং আল্লাহর বিশেষ রহমত ও দয়ার এক অনন্য নিদর্শন।
ইসলাম গ্রহণের পর থেকেই বান্দার জীবনে শুরু হয় প্রতিদানের নতুন অধ্যায়। এখন তার প্রতিটি কাজ আল্লাহর কাছে হিসাবযোগ্য হয়। নেক আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলার দয়া অত্যন্ত প্রশস্ত—একটি ভালো কাজের বিনিময়ে ন্যূনতম দশ গুণ সওয়াব দেওয়া হয়, যা বান্দার ইখলাস, পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী সাতশ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এতে মুমিনের জন্য এক বিশাল প্রেরণা রয়েছে, যাতে সে সৎকাজে অগ্রসর হয় এবং কখনো হতাশ না হয়।
অন্যদিকে, গুনাহের প্রতিদান নির্ধারণ করা হয়েছে পূর্ণ ন্যায়বিচারের সঙ্গে। একটি পাপের শাস্তি কেবল তার সমানই হয়—এর বেশি নয়। এখানেও আল্লাহর দয়ার প্রকাশ স্পষ্ট, কারণ তিনি অন্যায়ভাবে শাস্তি বাড়িয়ে দেন না। বরং হাদিসের শেষাংশে জানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ চাইলে তাঁর বিশেষ অনুগ্রহে সেই গুনাহও ক্ষমা করে দিতে পারেন।