লাকসামে প্রশাসনের তৎপরতায় বাল্যবিয়ের আয়োজন বন্ধ

লাকসামে প্রশাসনের তৎপরতায় বাল্যবিয়ের আয়োজন বন্ধ

সংগৃহীত ছবি

কুমিল্লার লাকসামে প্রশাসনের তৎপরতায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার উপজেলার বাকই ইউনিয়নের দেবীপুর গ্রামে কনের বাড়িতে গিয়ে এই বিয়ে বন্ধ করে দেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, আগামী রবিবার নোয়াখালীর চাটখিল উপজেলায় বরের বাড়িতে গোপনে ওই ছাত্রীর বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। বিষয়টি জানতে পেরে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধের চেষ্টা করেন। তবে ওই ছাত্রী বিয়েতে অনড় থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আবুল কালাম।

শুক্রবার বিকালে এমপি আবুল কালাম সরাসরি দেবীপুর গ্রামে ছাত্রীর বাড়িতে হাজির হন। সেখানে উপস্থিত হয়ে তিনি বিয়ের সব আয়োজন বন্ধের নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা ও লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদসহ অন্য কর্মকর্তারা।

পরিদর্শনকালে সংসদ সদস্য আবুল কালাম ছাত্রীর পরিবার ও স্থানীয়দের উদ্দেশে বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশে বাল্যবিবাহ আইনত নিষিদ্ধ। কোনোভাবেই এ ধরনের অপরাধ মেনে নেওয়া হবে না।’

তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রশাসনকে এ বিষয়ে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেন।