সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলা
ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ইসলামিবক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মামলা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম খান বাদী হয়ে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সুমন কর্মকার মামলাটি গ্রহণ করে সমন জারি করেছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী হুমায়ুন কবীর কর্ণেল বলেন, মামলাটি আদালত গ্রহণ করেছেন। প্রথমে আদেশের জন্য রাখেন। পরবর্তীতে আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার বাদী অভিযোগপত্রে উল্লেখ করেছেন, বিএনপির জনসমর্থন বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়া জেলার জামায়াত ইসলামীর হয়ে সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বিএনপির নেতা-নেত্রী সম্পর্কে বিভিন্ন সময় অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে আসছেন। এ অবস্থায় একটি ইসলামী ওয়াজ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
অভিযোগপত্রে আরও বলা হয়, বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সারা দেশে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমির হামজার আপত্তিকর বক্তব্য বিএনপি ও জিয়া পরিবারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। বক্তব্য শুনে বাদী নিজে আহত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করেছেন। অভিযোগে তিনি আমির হামজাকে নিয়ে সুবিচার করার আবেদন জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমির হামজার কুরুচিপূর্ণ বক্তব্য জিয়া পরিবারসহ বিএনপি নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণেই জেলা বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।