নিখোঁজের ১৭ দিন পর গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ১৭ দিন পর গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকপাড়া গ্রামের নিখোঁজ গরু ব্যবসায়ী আহাদ আলী ওরফে গোল কাজল ওরফে কাজলের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১৭ দিন পর মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সীমান্তবর্তী আলাতুলী ইউনিয়নের মিডল চর নামক স্থান থেকে (রাজশাহীর গোদাগাড়ী থানা ও উপজেলা পরিষদের বিপরীতে) এ মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

কাজল ওই এলাকার চাকপাড়া গ্রামের মৃত আলতাফ উদ্দিন মেম্বার ওরফে ফিরোজ আলীর ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নেবার পর নিখোঁজ হন কাজল। এ ঘটনায় তার স্ত্রী লিমা বেগম গত ৮ জানুয়ারি সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে ও ৭/৮ জনকে অজ্ঞাতনামা করে একটি অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে স্থানীয়দের মারফত মরদেহের খবর পেয়ে কাজলের পরিবার পুলিশকে বিষয়টি জানায়।

পরে তাদেরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ বলেন, স্থানীয় একটি ঘটনার সালিশ নিয়ে এলাকায় বিরোধের পরদিন কাজল নিখোঁজ হন বলে পরিবার পুলিশকে জানিয়েছে। তাকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নেয় তা তদন্ত করছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই কাজলের মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া যাবে।

তবে রহস্য উদ্‌ঘাটনে ঘটনার তদন্ত চলছে বলেও জানান ওসি।